পাথরঘাটা বরগুনা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ দাফন করা হয়েছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বরগুনা পাথরঘাটার তালুক গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।
এর আগে সকাল ৯ টায় স্থানীয় মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তোফাজ্জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।
উল্লেখ্য, গত বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা।
এরপর আবারও মারধর করা হয়। এসময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, তোফাজ্জলের উপরে যে নির্যাতন করা হয়েছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়। না হলে এমন নির্যাতন করে একটা মানুষকে কি ভাবে মানুষ মারতে পারে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ দ্বারা এমন কাজ সম্ভব না। ভিডিওগুলো নেট দুনিয়ায় ভাইরাল না হলেই জানতেই পারতাম না যে কিভাবে ওরে মারা হয়েছে। আমরা এই সকল হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।





