ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সরকারি হাসপাতাল) থেকে বৃহস্পতিবার চুরি হওয়া নবজাতককে (কন্যা শিশু) ২৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টায় ঈশ্বরদী শহরের ভূতের গাড়ি এলাকার একটি আখ ক্ষেত থেকে চুরি হওয়া নবজাতটিকে উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি উদ্ধারের খবরটি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, ‘ভূতের গাড়ি আখ ক্ষেতের ভেতর থেকে শিশুটির কান্না শুনতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা গিয়ে দেখতে পান শিশুটি আখ ক্ষেতে কাঁদছে। তাৎক্ষণিক তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নবজাতক শিশুটি এখন সুস্থ আছে এবং এখন সে তার মায়ের কোলে’।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বৃহস্পতিবার দুপুর ১২টায় এক নবজাতক চুরির ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের রাশেদ আলীর স্ত্রী রোজিনা খাতুনের প্রসব বেদনা উঠলে বুধবার তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে। সেদিনই রোজিনা খাতুন একটি কন্যা সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর রাশেদা খাতুন অসুস্থ হয়ে পরলে শিশুটিকে হাসপাতালে তার নানীর কাছে রাখা হয়। শিশুটা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাঁদছিল এসময় অজ্ঞাত এক মহিলা এসে বলেন, ‘শিশুটি কাঁদছে আমার কাছে দেন আমি কান্না থামিয়ে দিচ্ছি’। এ কথা বলে শিশুটিকে নিয়ে সটকে পড়ে ওই মহিলা। এ সময় শিশুটির বৃদ্ধ নানী তাকে খোঁজে না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।





