নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হোসেন ভূইয়ার ছেলের মৃতদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দূর্জয় মোড় এলাকা হতে এ.কে.এম মহিউদ্দিন প্রবাল (১৮) নামের এই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে মারধর ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত প্রবাল মুছাপুর ইউপি'র বর্তমান চেয়ারম্যানের তৃতীয় ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন জানান, সন্ধ্যা ৭টায় ভৈরবের দূর্জয় মোড়ের পেছনের একটি গলির দোকান হতে প্রবালের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় দোকানের সাটার তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে বিকেল ৩টার দিতে মারা যায়। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহতের বাবা ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবী করেন।তিনি এ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দূর্জয় মোড়ের পেছনের গলির আজান মটরস নামের একটি দোকানে গুমের উদ্দেশ্যে লাশ লোকানো ছিল।
অনেকেরই ধারণা কোন ছিনতাইকারী চক্র এ হত্যাকান্ডে জড়িত থাকতে পারে।আবার অনেকেই কিশোর গ্যাং কে দায়ী করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে লিখছেন নিহত প্রবালও নাকি কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। তবে প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি।





