কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের আনন্দপুর গ্রামে গভীর রাতে মাটি ভরাট করে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে।
জানা গেছে, মেষতলা মৌজার আনন্দপুর গ্রামে সড়কের পাশে ১নং খাস খতিয়ানের সাবেক ১৩৭ নং দাগের ১৪শতক জায়গা মাঠি ভরাট ও দেয়াল নির্মাণ করে দখলে নিয়েছে ওই গ্রামের ছালামত উল্লাহর পুত্র আবদুল মন্নান ও আবু তাহের। ৫০ বছর পূর্বে জায়গাটি একটি ডোবা ছিল। সরকারি(খাস) জায়গা হওয়ায় ইতোপূর্বে কেউ ভরাট করে দখলের সাহস করেনি। সম্প্রতি আবদুল মন্নান ও আবু তাহের গং প্রভাব খাটিয়ে মাটি ভরাট করে দেয়াল নির্মাণ করে নিজেদের দখলে নিয়ে যায়। ২০১৮ সালের ২১ জানুয়ারি আবদুল মান্নান সরকারি জায়গা দখল করায় একই গ্রামের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুদ রানা বাদি হয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। ওই সময় সার্ভেয়ারের ফাইনাল রিপোর্ট পায়নি অভিযোগকারী ও গ্রামবাসী।
সরকারি জায়গা দখলের বিষয়ে মুন্সিরহাট ইউনিয়ন ভুমি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক আনন্দপুর গ্রামে গিয়ে মাঠি ভরাট ও দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, অভিযোগ পাওয়ায় মুন্সিরহাট ভূমি কর্মকর্তাদের নির্দেশ দেওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে। নির্দেশ অমান্য করে যদি কোন দখল ও দেয়াল তৈরির কাজ করার চেষ্টা করে তাহলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





