বাগেরহাটের শরণখোলায় ছাগলে বীজতলা (ধানে চারা) খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জাকির জমাদ্দার (৫২) নামের এক কৃষক খুন হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে শরণখোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব ধানসাগর গ্রামে তুচ্ছ এ বিষয় নিয়ে তিন চাচাতো ভাই ও শ্যালকরা পিটিয়ে আহত করে জকিরকে। পুলিশ রাত ৯টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। নিহত জাকির জমাদ্দার ওই গ্রামের আ. সামাদ জমাদ্দারের ছেলে।
নিহতের স্ত্রী শিউলি বেগম ও স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, এদিন বিকেলে তাদের একটি ছাগলে হালিম জমাদ্দারের ছেলে মন্টু জমাদ্দারের বীজতলা খায়। সেই অপরাধে ছাগলটি ধরে সারা শরীরে কাদা মেখে দেয় মন্টু। পরে ছাগরের গায়ে কাদা মাখার বিষয় জানতে চাওয়ায় মন্টু, তার ভাই সেলিম, সেন্টু মিলে তার স্বামী জাকির জমাদ্দারকে মারধর করে। এসময় খবর পেয়ে মন্টুর শ্যালক পার্শ্ববর্তী নিশানবাড়িয়া গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে সোহেল এবং মিলন এসে একজোট হয়ে তার স্বামীকে ইট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রাখে। এসময় তাকে রক্ষা করতে গেলে জাকিরের বোন দুলু বেগমকেও তারা পিটিয়ে আহত করে।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, হাসপাতালের আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, রাত ৯টার দিকে হাসপাতাল থেকে কৃষক জাকির জমাদ্দারের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





