রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ১০৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকারের আদালত এ আদেশ দেন।
সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ বিকালে নির্ধারণ করা হতে পারে বলে পরে জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শিরাজী শওকত সালেহীন।
দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬০ আসামি আদালতে শুনানিতে হাজির করা হয়। এছাড়া অনুপস্থিত ছিলেন ৪৭ আসামি। এ মামলায় আসামি করা হয়েছিল ১১০ জনকে। এদের মধ্যে তিনজন আগেই মারা গেছেন। বাকি ১০৭ জনের বিচার শুরু হলো।
জানা গেছে, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হন। এ ঘটনায় রাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন।





