চাঁদপুর জনশক্তি রপ্তানি কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ প্রবাসিদের সাথে কথা বলছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ

সারা দেশ

জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ে টিকা গ্রহীতাদের ভোগান্তি, বিক্ষোভ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২১

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স বিবেচনায় টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া স্বাপেক্ষে) রেজিস্ট্রেশনের জন্য চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান অফিসে টিকা গ্রহীতারা ভিড় জমিয়েছেন। তবে অনলাইন রেজিস্ট্রেশন সার্ভার ও বিকাশে টাকা দিতে না পারায় দুর্ভোগে পড়েছেন শত শত বিদেশগামী টিকা গ্রহীতা।

আজ শনিবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ের সামনে সহস্রাধিক প্রবাসী করোনা ভ্যাকসিন (টিকা) নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায়। অনেকে টিকা রেজিস্ট্রেশন ও বিকাশে টাকা জমা না দিতে পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কচুয়া উপজেলা থেকে আসা রবিউল বলেন, সকাল ৯ টা সময় জনশক্তি অফিসে এসেছি। লকডাউনের মধ্যে অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে। এসেও যদি কাজ হত, তাহলে মনকে বুঝাতে পারতাম। সকাল থেকে সার্ভার সমস্যা ও বিকাশেও ২০০ টাকা ঢুকছে না। আর কতক্ষণ অপেক্ষা করবো, কয়েকবার চেষ্টা করেও কাজ হচ্ছে না।

হাজীগঞ্জের বলাখাল থেকে আসা নুর হোসেন বলেন, আমার সাথে আসা দুই জন চলে গেছে। আমিও ভাবছি চলে যাবো। প্রবাসীদের সবকাজে সব সময় হয়রানি থেকেই যায়। এই লকডাউনের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে টিকার রেজিষ্ট্রেশন করতে। কিন্তু অনলাইন সমস্যার কারণে কোন কাজই হচ্ছে না।

জনশক্তি রপ্তানি কার্যালয়ের সামনে প্রবাসীদের বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, বিজিবি, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সদর থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ। তারা বিক্ষুব্ধ প্রবাসীদের বুঝাতে চেষ্টা করেন আপনারা শান্ত হউন, আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। দ্রুত সার্ভার সমস্যার সমাধান হবে।

জেলা জনশক্তি জরিপ কর্মকর্তা মো. মোহছেন পাটওয়ারী বলে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে গমন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। বিএমইটির স্মার্ট কার্ড আছে সে সব কর্মীর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে ২ জুলাই থেকে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তারা যদি এই ভ্যাকসিন না দিয়ে বিদেশে গমন করে, তাহলে তাদের ৭০-৮০ হাজার টাকা খরচ হবে। প্রবাসীদের সুবিধার্থে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। সকাল থেকে সারাদেশে সার্ভার সমস্যা রয়েছে। বিকাশে রেজিষ্ট্রেশনের ২০০ টাকা যাচ্ছে না। সময়ের ব্যাপার, কখন ঠিক হয় বলা যাচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads