জমি দখল না পেয়ে ডিসিকে আত্মহত্যার চিঠি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

২০ বছরে ৭ বার রায়

জমি দখল না পেয়ে ডিসিকে আত্মহত্যার চিঠি

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২২

আদালত থেকে ৭ বার রায় পেয়েও জমি দখলে নিতে না পেরে জেলা প্রশাসককে আত্মহত্যার চিঠি দিয়েছেন আবু বক্কর সিদ্দিক  নামে সাবেক এক ইউপি সদস্য। জমি দখল না পেলে আত্মহত্যা করবেন জানিয়ে তিনি সম্প্রতি বাংলাদেশ কোর্ট ফি বিশ টাকা আবেদন সংযুক্ত ওই চিঠি লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বরারব পাঠান। আবু বক্কর জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ছোট কমলাবাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।

বেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক গতকাল সোমবার প্রেস ক্লাব লালমনিরহাটে এসে আত্মহত্যার কথা জানিয়ে জেলা প্রশাসক বরাবর পাঠানো রিসিভ করা চিঠির কপি স্থানীয় সাংবাদিকদের কাছে সরবরাহ করেন। চিঠিতে উল্লেখ করেন, ‘দীর্ঘ ২০ বছরের মামলার জট টানতে টানতে সহায়সম্বল হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। কেউ তার বিষয়টি আমলে নিচ্ছেন না। যে কোনো সময় আত্মহত্যা করবেন। আর এ ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন’।

প্রাপ্ত চিঠি সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক নালিশী ৭১.৫ শতক জমি দানপত্রের দলিল বাতিল স্বত্বের মামলা করেন। আদিতমারী সহকারী জজ আদালতে অন্য নং-১/২০০০। উক্ত মামলায় রায় ও ডিক্রিপ্রাপ্ত হলে আদালতের নির্দেশক্রমে মূল দানপত্র দলিল ও সাব রেজিঃ অফিস লালমনিরহাট-এর উক্ত দানপত্র দলিলের ভলিউম সংশোধন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ১/২০০০ নং- মামলার রায় ও ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে আপীল নং-৮৮/২০০০ দায়ের করলে আদালত উক্ত আপীল খারিজ করে পূর্বের দেওয়া রায় ডিক্রি বহাল রাখেন। জেলা প্রশাসক হাইকোর্টে সিভিল রিভিশন নং- ২৯৫৬/২০০২ দায়ের করেন। এদিকে হাইকোর্টে মামলা বিচারাধীন থাকাবস্থায় নালিশী জমি স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা বেদখল করে নেন।

পরবর্তীতে মহামান্য হাইকোর্ট ৪১.৫ শতক জমির সীমানা ও চৌহদ্দী বর্ণনা করে পুনরায় রায় লেখার নির্দেশ দেন জেলা যুগ্ম জজ ২য় আদালত লালমনিরহাটে রিমান্ডে প্রেরণ করলে জেলা যুগ্ম জজ ২য় আদালত গত-১৬/০৪/২০১৫ ইং তারিখে ৪১.৫ শতক জমির সীমানা ও চৌহদ্দী বর্ণনা করে পুনরায় রায় ও ডিক্রি প্রদান করেন। উক্ত রায়প্রাপ্ত জমি দখলে পাওয়ার জন্য ৩০/০১/২০১৯ইং তারিখে জেলা যুগ্ম জজ- ১ম আদালতে অবৈধ দখলদারদের বিবাদী করে খাস দখল মামলা ৩২/২০১৫ইং দায়ের করা হয়। এতে আদালত অবৈধ দখলদারদের উচ্ছেদের রায় দেন। কিন্তু জেলা প্রশাসক ২য় দফায় জেলা জজ আদালতে উক্ত রায়ের বিরুদ্ধে আপীল দায়ের করেন। যার নং-৩১/২০১৯ এবং অন্য বিবাদীরা ৩৬/২০১৮ আপীল করলে জেলা জজ গত ২২/১১/২০২১ আপীল ২টি খারিজ করে দেন। অবৈধ দখলদারদের উচ্ছেদের রায় ডিক্রি বহাল রাখেন আদালত।

নালিশী জমি সিএস, এসএ, সর্বশেষ বিআরএস রেকর্ড ব্যক্তি মালিকানার নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়েছে। নালিশী জমি নিয়ে হাইকোর্টে সিভিল রিভিশন নং- ২৯৫৬/২০০২ বিচারাধীন থাকা অবস্থায় মোকছেদ আলী ও তার ভাই মোকলেছুর রহমাকে এক সনা লাইসেন্স দেন। যা দুই ভাই মিলে ২০ শতক জায়গা দখলে নিয়েছেন। আবার ৩২/২০১৫ খাস দখল মামলায় সরকার পক্ষের জবাবে ১/২০০০ সরকার পক্ষে জেলা প্রশাসক দায়ের কৃত অন্য আপীল ৮৮/২০০০, সরকার পক্ষে জেলা প্রশাসক কর্তৃক দায়ের কৃত হাইকোর্টে সিভিল রিভিশন ২৯৫৬/২০০২ মামলার বিষয় গোপন করে এবং নালিশী জমির মালিক না থাকা ও খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। যা আদিতমারী থানাধীন জে,এল নং-৭৭, বড় কমলাবাড়ী মৌজার নালিশী সিএস নং-৩০২ এসএ নং-৩১৯, খতিয়ানের ১৬৬৫ নং দাগে ১.৪৩ একর মধ্যে আরজির হাত নকশায় চিহ্নিত .৪১ একর জমির দখল বাদীর অনুকূলে অর্পণ করার জন্য বিবাদীপক্ষকে নির্দেশ দেয় আদালত।

আবু বক্কর সিদ্দিক বলেন, আমি হয়রানি আর ষড়যন্ত্র শিকার। এমতাবস্থায়, আমি আদালত থেকে ৭ বার রায় ও ডিক্রিপ্রাপ্ত হয়েও জমি ফেরত পাচ্ছি না। উক্ত নালিশী ৪১.৫ শতক জমি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপপূর্বক দখল ও নামজারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক ও আদিতমারী সহকারী ভূমি কমিশনারের নিকট আবেদন করেছি। দীর্ঘ ২০ বছরের মামলার জট টানতে টানতে আমি নিঃস্ব হয়ে পড়েছি। কেউ আমার বিষয়টি আমলে নিচ্ছেন না। জমি ফেরত না পেলে আমি আমার পরিবারে যে কোনো সময় আত্মহত্যা করবো। আর এ ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন বলেও তিনি জানান।

আদিতমারী ভাদাই ইউনিয়ন ভূমি অফিসের ইনচার্জ মো. মমিনুল করিম চৌধুরী বলেন, আদালতে মামলা জটিলতার কারণে বর্তমান ওই জমির খাজনা আদায় করা হচ্ছে না। তবে যারা ওই জমি লিজ গ্রহীতা তারা ১৪২১ (বাংলা) সাল পর্যন্ত লিজের টাকা পরিশোধ করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর আহমেদ বলেন, জমির বিষয়টি আদালতে বিচারাধীন। আদালত যা রায় দেবে সেটাই হবে। আত্মহত্যার চিঠি প্রসঙ্গে তিনি বলেন,  এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads