সারা দেশ

জল্পনা-কল্পনা শেষে শপথ গ্রহণের একঘন্টা পর স্বপ্নভঙ্গ

  • ''
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০২৪

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেও আওয়ামী লীগের পরাজিত প্রার্থীর অভিযোগের কারণে শপথ নিতে পারেননি বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন। আদালতের নিষেধাজ্ঞা শেষে ৮২দিন পর সোমবার (১৯ আগস্ট) শপথ নেন তিনি। রংপুরের গংগাচড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে সোমবার শপথ গ্রহণ করেন বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন। সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, গত ২৯ মে তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লাগের সভাপতি রুহুল আমিনকে ৮৩৩ ভোটে পরাজিত করেন বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন। ৪ জুন গেজেট প্রকাশিত হয়। গত ৩ জুলাই শপথের দিন ধার্য করা হয়। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত ১৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত-১–এ মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিন।

২৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালতের বিচারক মো. আবদুল মালেক। নিষেধাজ্ঞার কারণে তিনি ওই সময় শপথ নিতে পারেননি। তবে ১৪ আগস্ট হাইকোর্ট থেকে ৭ কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু শপথ গ্রহণ করার মাত্র ১ ঘণ্টা পরই স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে রংপুরের গংগাচড়া উপজেলারও নাম রয়েছে। আইনি লড়াই শেষে নির্বাচনে জয়ের ৮২ দিন পর সোমবার সকালে শপথ নেন তবে তাঁর চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি। বিষয়টি রংপুরে বেশ আলোচিত হয়ে উঠেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মোকাররম হোসেন সুজনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,কোন আফসোস নেই ‘ শপথ নিয়ে কয়েক ঘণ্টার জন্য তো চেয়ারম্যান হয়েছি। আমি ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বর্তমান সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads