জাবির আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জাবির আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা

  • শাহিনুর রহমান শাহিন, জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পর এবার আবাসিক হলগুলোও সিসি ক্যামেরার আওতায় এসেছে। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিদর্শনে গিয়ে দেখা যায়, হলগুলোর প্রধান ফটক, প্রতিটি সিড়ি ও তলায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আ ফ ম কামালউদ্দিন হল, মওলানা আবদুল হামিদ খান ভাসানী হল সহ কয়েকটি আবাসিক হল ঘুরে এমন দৃশ্য দেখা যায়। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে অবস্থানের সুবিধার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রশাসনসূত্রে জানা গেছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক ও গেটের ভেতরের স্থান, প্রান্তিক গেট, কলা ও মানবিক অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, পরিসংখ্যান ভবনের সামনে ও লাইব্রেরিসহ বিভিন্নস্থানে এই সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সর্বশেষ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের পর সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোর ভেতরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সর্বত্র। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করে আতঙ্ক। এতে নড়েচড়ে বসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রতিটি আবাসিক হলে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় প্রশাসন। 

সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, হলগুলোর গেটে ও ভেতরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দিকটি প্রাধান্য দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে করে হলের ভেতরে বা আশেপাশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন যেন তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads