চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়নপুর এলাকায় সংগঠিত জিয়াউর রহমান হত্যা মামলার অভিয়োগ পত্র থেকে মামলার ১ নং আসামী ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপুসহ প্রভাবশালীদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদি মিলিয়ারা বেগম।
আলোচিত এ হত্যা মামলা থেকে মূল অভিযুক্তদের বাদ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন,সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তার জেলা গোয়েন্দা পুলিশে পরিদর্শক শহিদুল ইসলাম আদালতে অভিযোগ পত্র জমা দেন। সেখানে মামলার ১ নং আসামী চরবাগডাঙ্গা ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহীদ রানা টিপু ও তারই অন্যতম সহযোগী মামলার ৩ নং আসামী আজিজুল ইসলামকে অভিযোগ পত্র থেকে বাদ দিয়েছে।
সদর উপজেলা বাসীর ব্যানারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে আরো বক্তব্য দেন বিউটি আকতার, সুলেখা বেগম, সুফিয়া বেগমসহ অনান্যরা।
এ বছরের ২৩ এপ্রিল মাটি কাটা কে কেন্দ্র চন্দ্রনারায়নপুর এলাকায় দুটি গ্রুপের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে মৃত্যু হয় জিয়াউর রহমানের। পরে জিয়াউর রহমানের স্ত্রী মিলিয়ারা বেগম ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপুসহ ৪৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে সাবেক যুবলীগ নেতা জেম ও জিয়াউর হত্যা মামলার আসামী হওয়া ও আদালতে বিচারাধীন থাকায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে গত ৭ সেপ্টেম্বর তারিখ তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।





