টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি-আলীম পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি হয়েছে।
গতকাল শনিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মসূচিতে ৮টি কলেজের দুই হাজার ছয়শত ছয়চল্লিশ জন পরীক্ষার্থীকে কোভিড-১৯’র ফাইজার টিকা প্রদান করা হয়। এদিন ৬৮১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার সকালে উপজেলার সকল এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নে হিমশিমও খেতে হয়েছে দায়িত্বরতদের। টিকা প্রত্যাশী শিক্ষার্থীদের কলেজ প্রধানদের ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করে দেয়া হলেও সকাল থেকেই শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায় উপজেলা পরিষদ চত্বরে। অযথা ধাক্কাধাক্কি, উপচেপড়া ভিড়, ছেলে-মেয়েদের পৃথক লম্বা লাইন ঠিক করতে বেশ সময় লেগেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোভার স্কাউটসহ সংশ্লিষ্টদের। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ্যও হয়ে পড়ে। তবে দুপুরের দিকে ভিড় থাকলেও শৃঙ্খলার মধ্যে এ কর্মসূচি চলে।
মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ বলেন, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার আগে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্পন্ন করেছি। ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার সকল প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম বাংলাদেশের খবরকে জানান, করোনাকালীন সময়ে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের এই প্রথম টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছি। বাহিরে লম্বা লাইন থাকলেও ভিতরে সুশৃঙ্খলভাবে টিকা প্রদান করা হয়েছে। যারা টিকা নিতে পারেনি তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেজিস্ট্রেশন করে অথবা টাঙ্গাইল সদর থেকে টিকা গ্রহণ করতে পারবেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচি হয়।





