কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
কোস্ট গার্ড সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৮ জুন) ভোর ৫ টার দিকে টেকনাফ বাজার এলাকায় কোস্ট গার্ডের একটি দল অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে একটি ছোট পিকআপ (চাঁদের গাড়ি) পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড পিকআপটিকে ধাওয়া করে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন এলাকা থেকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা গাড়িটি তল্লাশি করে পিকআপ চালকের সিটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত গাড়িটি এবং গাড়ির চালক মোঃ মুক্তার আহমদ(৩৫) কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলী খালী এলাকার ছৈয়দ আহামদ এর ছেলে।
এব্যাপারে স্টেশন কমান্ডার (টেকনাফ) লেঃ কমান্ডার এম আমিনুল সাজ্জাদ জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ইয়াবা পাচারকারী ও পাচার কাজের ব্যবহৃত গাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





