ঢাকায় এলো চীনের উপহারের ৬ লাখ টিকা

সংগৃহীত ছবি

জাতীয়

ঢাকায় এলো চীনের উপহারের ৬ লাখ টিকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুন, ২০২১

দেশে পৌঁছেছে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের করোনা প্রতিরোধী আরো ৬ লাখ ডোজ টিকা। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় টিকা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি সি-১৩০-জে পরিবহন বিমান ঢাকায় অবতরণ করে।  শনিবার সন্ধ্যায় বিমান দুটি চীনের উদ্দেশে রওনা দেয়।

বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এ এইচ এম তৌহিদ-উল আহসান। তিনি জানান, আজ (গতকাল) বিকেল পাঁচটা ২৯ মিনিট এবং পাঁচটা ৩৩ মিনিটে টিকা নিয়ে উড়োজাহাজ দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গতকাল সকালে ঢাকায় চীনা উপরাষ্ট্রদূত হ্যালং ইয়ান রোববার সকালে এক ফেসবুক পোস্টে বেইজিং বিমানবন্দরে বিমানে টিকা লোডের ছবি পোস্ট করেন। হ্যালং ইয়ান লেখেন, ‘রেডি ফর টেক অফ।’

এর আগে গত ১২ মে দেশে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে পাঠায় চীন। সেখান থেকে ইতোমধ্যে ঢাকার চারটি সরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের প্রথম ডোজ দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এই টিকা দেয়ার কথা রয়েছে সারা দেশের সরকারি ৩৭টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের। করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা পুলিশ সদস্যদেরও দেয়া হবে এই টিকা।

উপহারের বাইরে চীনের সিনোফার্মের টিকা কেনার আলোচনাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথমে করোনার অক্সফোর্ড উদ্ভাবিত টিকা ব্যবহারের পক্ষে ছিল। এ জন্য ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি ৪০ লাখ টিকা কেনার চুক্তিও করে। প্রতি মাসে আসার কথা ছিল ৫০ লাখ করে। কিন্তু দুই মেয়াদে ৭০ লাখ টিকা পাঠানোর পর ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর কোনো টিকা পাঠাতে পারেনি। কেনা টিকার বাইরে উপহার হিসেবে বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ টিকা দিয়েছে ভারত।

ন্যায্যতার ভিত্তিতে টিকা বিতরণে গড়ে ওঠা জোট কোভ্যাক্স থেকেও আসার কথা ছিল ৬ কোটি ৭০ লাখ টিকা। পরে জানানো হয় আরও বেশি আসবে। কিন্তু সেখান থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। চলতি মাসের প্রথম দিন কোভ্যাক্স থেকে মাত্র ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা এসেছে দেশে। কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।

টিকা স্বল্পতায় বাংলাদেশে টিকাদান কর্মসূচিই বন্ধ হয়ে যেতে চলেছে। এমন অবস্থায় টিকার বিকল্প উৎস হিসেবে চীন ও রাশিয়া থেকে টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে চীন থেকে ৪ থেকে ৫ কোটি টিকা কেনার চেষ্টা চলছে। পাশাপাশি দুটি দেশের টিকা দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads