শোবিজ

তারাদের হারানোর বছর

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৯

শেষ হতে চলল ২০১৯ সাল। ক্যালেন্ডারের ফাঁক দিয়ে এরই মধ্যে ঊঁকি দিচ্ছে আনকোরা আরেকটি বছর। পুরো বছরটাতেই নানা ঘটনা আর দুর্ঘটনায় ছিল সরগরম। ২০১৯ সালকে বলাই যায় ‘নক্ষত্র’ হারানোর বছর। বছরের শুরু থেকে শেষ অবধি বিদায়ের মিছিলে যোগ হয়েছে অজস্র নামি-গুণী তারকার নাম।

বছরের শুরুতেই আমরা হারিয়েছি বাংলা গানের প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। গত ২২ জানুয়ারি ৬৩ বছর বয়সে রাজধানীর বাড্ডায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন এ বরেণ্য সংগীতশিল্পী। সত্তর দশকের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীতশিল্পে সক্রিয় ছিলেন এ তারকা।

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই যেন চলে গেলেন দেশাত্মবোধক গানের মাধ্যমে মানুষের হূদয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া শাহনাজ রহমতউল্লাহ। ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘আমায় যদি প্রশ্ন করে’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’- এ রকম অসংখ্য কালজয়ী গানের এ কণ্ঠশিল্পী পৃথিবী থেকে বিদায় নেন এ বছরের ২৩ মার্চ। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ চলে গেলেন এ বছরের ৭ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। তিনি হূদরোগ, ব্লাড ক্যানসার ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলি সামাদ।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা হাসিবুল ইসলাম মিজান গত ১৮ এপ্রিল ৬২ বছর বয়সে মৃতুবরণ করেন। তার পরিচালিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘প্রেমের কসম’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘জন্ম’, ‘কপাল’ ও ‘তুমি আছো হূদয়ে’।

স্বাধীনতা পদকপ্রাপ্ত মঞ্চ ও টেলিভিশনের শক্তিমান অভিনেতা সালেহ আহমেদ ২৪ এপ্রিল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির পাশাপাশি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯১ সালে হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার পদচারণা।

একই মাসে চলে যান চলচ্চিত্রের আরেক জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস। ৭৮ বছর বয়সে রাজধানীতে চলতি বছরের ২৯ এপ্রিল শহরের টিকাটুলীর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

গত ৭ মে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার হার্টে বাইপাস অপারেশন করা হয়েছিল। কিডনিতেও সমস্যা ছিল।

বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজউদদীন আহমদ। তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ, যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন। চলতি বছরের ২ জুন না ফেরার দেশে চলে যান তিনি।

চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ গত ২৩ নভেম্বর রাত ১০টায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেন তিনি। বিশেষ করে আম্মাজান ছবিতে অভিনয় করে তুমুল পরিচিতি পান। কালা আজিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে রেখে গেছেন।

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক বাবর মারা যান গত ৬ আগস্ট।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। খলনায়ক চরিত্রেই অভিনয় করতেন তিনি। তবে চলচ্চিত্রে বাবর প্রথম অভিনয় করেন নায়ক চরিত্রে। খলনায়ক হিসেবে যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্র দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান ৬ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধুকেও হারাতে হয়েছে এ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ অক্টোবর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশের শোবিজ জগতে সর্বশেষ মৃত্যুবরণ করেন তরুণ গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ। ১৫ ডিসেম্বর নিজের স্টুডিওতে কাজ করার সময় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

দর্শক-শ্রোতাদের হূদয়ে আপনারা থাকবেন সারা জীবন শ্রদ্ধার ব্যক্তি হয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads