বৃষ্টিতে ভিজে নৌকা যোগে খাবারের প্যাকেট হাতে তিস্তা তীরবর্তী পানিবন্দি পরিবারগুলোর দুয়ারে দুয়ারে ঘুরছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত তিস্তার বামতীর মহিষখোচা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দিদের মধ্যে খাবার বিতরণ করেছেন তিনি।
জানা গেছে, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা নদীর বামতীর লালমনিরহাটে ভয়াবহ বন্যা দেখা দেয়। পাঁচ দফার এই বন্যায় জেলার প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর মধ্যে খাবারের সংকট দেখা দেয়। খবর পেয়ে পানিবন্দি এসব পরিবারের মাঝে জেলা প্রশাসক আবু জাফর নিজেই খাবার নিয়ে ছুটে যান। তিনি নৌকা যোগে খাবারের প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তা বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন, বালাপাড়া, বারঘড়িয়া, চৌরাহা, কুটিরপাড়, চন্ডিমারী, রজবপাড়াসহ বিভিন্ন গ্রামের প্রায় তিন শাতাধিক পরিবারের মধ্যে নিজ হাতে এসব খাবারের প্যাকেট বিতরণ করেন জেলা প্রশাসক আবু জাফর। প্রতিটি খাবারের প্যাকেটে ছিল ১০ কেজি চাল, এককেজি ডাল, এক লিটার তেল, ৫শ গ্রাম নুডুলস, এককেজি লবণ, এককেজি চিনি ও দুইকেজি চিড়া।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন, জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম ও মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।





