সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ নামের সিনেমা। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত নির্মাতা দীপংকর দীপন পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।
দীপংকর দীপন জানান, গেল বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হয়। দুই লটে শুটিং হয়ে এখন চলছে শেষ লটের শুটিং। ‘অপারেশন সুন্দরবন’ দিয়ে দর্শনা বণিক এবার যাত্রা করলেন বাংলাদেশের সিনেমায়।
দীপংকর দীপন বলেন, কয়েক দিন শুটিং হলেই ক্যামেরা ক্লোজ হবে। দর্শনা শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন গত সপ্তাহ থেকেই। এর মধ্যে ৫ থেকে ৬ দিন কাজ করেছেন। এই লটের শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দর্শনা। বাকিটা চমক থাকুক।
অভিনেত্রী দর্শনা বণিক বলেন, ‘বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, খাবার, পোশাক সবই কলকাতার মতো। তাই এখানে এলে মনে হয় না বিদেশে এসেছি। একটা ভালো লাগা কাজ করে।’ এর আগে গায়ক ইমরান মাহমুদুলের ‘তোর নামের ইচ্ছেরা’ গানে মিউজিক ভিডিওতে কাজ করে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে।
দর্শনা বলেন, ‘তবে আগ্রহটা বেশি ছিল বাংলাদেশের সিনেমা নিয়ে। অবশেষে খুব দারুণ একটি গল্পে খুব ভালো একটি টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। এনজয় করছি। দর্শকও ছবিটি এনজয় করবে বলে আশা করছি।’
দর্শনা জানান, তিনি ২ মার্চ বাংলাদেশে এসেছেন। পরদিন থেকেই সুন্দরবনে শুটিংয়ে অংশ নেন। টানা কাজ শেষ করে আগামী সপ্তাহেই ফিরে যাবেন কলকাতায়।
‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, তাসকিন রহমান, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকেই।
এদিকে গেল মাসে মুক্তি পায় দর্শনা অভিনীত ছবি ‘হুল্লোড়’। ছবিটিতে দর্শনা ছাড়াও আরো অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম। কলকাতার ছবির বাইরে তিনি অভিনয় করেছেন তামিল সিনেমাতেও।





