মোঃ শাহাদৎ হোসেন শাহ্্, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরল উপজেলায় এক সহপাঠীর উপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টায় বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন হামলার শিকার মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রিয়াদ হোসেন রাব্বির বোন লাবন্য আক্তার লিজা, রাব্বির সহপাঠী সিহাব, আলিফ, ১০ম শ্রেণীর ছাত্র আজমাইন, সাবেক শিক্ষার্থী সালমান, সামিউল, জরিফুল, মিম, সোহাগ ইসলাম ও স্থানীয় চিকিৎসক রাকিব হোসেন। মানববন্ধনে মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ লিটনের ছেলে রিয়াদ হোসেন রাব্বির উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা।
জানা গেছে, গত ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মঙ্গলপুর বাজার থেকে পুরাতন ইউনিয়ন পরিষদ যাওয়ার পথে পথিমধ্যে রাস্তায় ৪ জন ব্যক্তি রাব্বির উপর হামলা করে। মারপিটের ফলে শরীরের বিভিন্ন স্থানে জখম ও কেটে যায়। পরে রাত সাড়ে ৯টায় এক ব্যক্তি তাকে উদ্ধার করে মঙ্গলপুরের স্থানীয় চিকিৎসক রাকিবের কাছে নিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হামলার শিকার রাব্বির বাবা মোঃ লিটন বাদী হয়ে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রায়হান বলেন, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশী তদন্ত এখনও চলমান রয়েছে।





