দেশের ২৬ জেলায় আগামী ১০ দিনে বাড়তি সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর থেকে একটি নির্দেশনা পত্র পাঠানো হয়েছে। সেই সূত্র ধরে জেলার ১৩টি থানার স্পর্শ কাতর স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত একটি পত্র পুলিশ সদর দপ্তর থেকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এসেছে। পত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী গতকাল সোমবার থেকে আগামী ১০ দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশপত্র পাওয়ার পর জেলার ১৩টি থানা, আটটি পুলিশ তদন্ত কেন্দ্র, ১৬টি পুলিশ ফাঁড়ি, তিনটি স্থলবন্দরসহ জেলার স্পর্শকারত স্থাপনগুলোতে দায়িত্বে নিয়োজিত ইনচার্জদের নিকট সার্বক্ষণিক নিরাপত্তায় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, জেলার জনবহুল চলাচল স্থান দিনাজপুর রেলওয়ে স্টেশনসহ পার্বতীপুর রেলওয়ে জংশন, ফুলবাড়ী, বিরামপুর ও হিলি রেলওয়ে স্টেশনে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। দিনাজপুর কেন্দ্রীয় বাসটার্মিনালসহ জেলার ১৭টি রুটে সকল বাসষ্ট্যান্ডে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট থানার ওসিদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, জেলার পার্বতীপুর উপজেলার বড় পুকুরিয়া কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া কঠিন শিলা খনি ও হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে প্রস্তাবিত লোহার খনির স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সকল মসজিদে ইমাম কমিটি ও ইমামদের নিকট পত্র দিয়ে উদ্বুদ্ধ করার জন্য সতর্কতা বার্তা মুসুল্লিদের মধ্যে জ্ঞাতার্থে জানানোর কথা বলা হয়েছে। এ ছাড়া জেলার মিশনরোডস্থ সবচেয়ে বড় ব্যাপটিক মিশন, শহরে চারটি মিশনারী স্কুলসহ সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা বাড়তে কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে।





