বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে সাবা (৩) ও সাহারা (৩) নামে যমজ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে জেলা শহরের মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার এমদাদ আলীর মেয়ে।
শিশুদের বাবা এমদাদ আলী বলেন, সকাল ৯টার দিকে আমরা বাড়ির বাইরে কাজ করছিলাম, এ সময় বাথরুমের বালতিভর্তি পানি নিয়ে খেলছিল তারা। হঠাৎ বালতির মধ্যে পড়ে তারা অসুস্থ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আশিক রহমান বলেন, বাচ্চা দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়।





