সাতক্ষীরায় বাস শ্রমিকদের মারপিট করার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন বাস মালিক সমিতি। এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা আশাশুনি সড়কে পুরাতন সাতক্ষীরা নামকস্থানে সোমবার (২৬ আগষ্ট) বাস নং ৩৩৯ নং গাড়ির কন্টাকটার লিটন হোসেনকে মারপিট করে আহত করে স্থানীয় যুবকরা।
আজ আবার একই রুটে ৩২৭৬ নং গাড়ির কন্টাকটার আসাদকেও ব্যাপক মারপিট করে আহত করে একই এলাকার যুবকরা। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তিনি আরও বলেন, জেলায় প্রায় সকল রুটে এমন ঘটনা ঘটলেও মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দিলেও আজও পর্যন্ত একটি ঘটনার সুষ্ঠু সমাধান হয়নি। তাই শ্রমিকরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আশাশুনি এলাকার এক যাত্রী মরিয়ম বিবি জানান, আমি সকালে সাতক্ষীরা ডাক্তার দেখাতে আসছিলাম। কিন্তু বাস বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েছি। অন্য যানবাহনে যাওয়ার মতো টাকা নেই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।





