হেফাজতের ডাকা হরতালের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান নেয় হেফাজতের কর্মী-সমর্থকরা। সড়কে বন্ধ হয়েছে যায় ছোট বড় সকল যান চলাচল।
এর পরপরই যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কে নেমে আসেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সমাবেশ হয়ে ছত্রভঙ্গ করে দেয় হেফাজতের কর্মী-সমর্থকদের। তবে কোন প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পরে প্রেসক্লাব মোড়ে প্রায় একঘন্টা অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলাল আজাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকেই থমথমে পরিবেশ বিরাজ করছে দুর্গাপুরের প্রতিটি সড়কে। শহরের প্রতি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য । হরতালের কারণে দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কে বন্ধ রয়েছে বালুবাহী ট্রাকসহ যাত্রীবাহী পরিবহনও। বাজারের বেশিরভাগ দোকানপাট খোলেননি ব্যবসায়ীর। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতালে সাড়া না দিয়ে সকল ব্যবসায়ীদের দোকান খোলার জন্য আহ্বান জানানোর পর থেকেই একে একে খুলতে শুরু করেছে দোকানে। সড়কেও চলছে ছোট-বড় যানবাহন।
দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম জানান, এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি। শহরের প্রতিটি সড়ক মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে। যে কোন প্রকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত রয়েছি।





