দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই

সংগৃহীত ছবি

সারা দেশ

দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০২০

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টার দিকে তার মৃত্যু হয় বলে তার বড় ভাই ইলিয়াছ আলী জিন্নাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।। তার বয়েস হয়েছিল মাত্র ২৪ বছর। 

জিন্নাত আলী ১৯৯৬ সালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে জন্মগ্রহণ করেন। কক্সবাজারের বাসিন্দা জিন্নাত তুরস্কের সুলতান কোশেনের পরেই বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি ছিলেন। ‌

শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন। সম্প্রতি মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা গেছেন বলে জানায় তার ভাই ইলিয়াস আলী।

অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী জানান, নিউরো-সার্জারি বিভাগে আনার আগে থেকেই জ্ঞান ছিল না জিন্নাত আলীর। তার মস্তিস্কে টিউমারটি এতোই বড় ও জটিল অবস্থায় ছিল যে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব ছিল না।

এর আগে পাঁচদিন কক্সবাজার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হওয়ায় ২৬ এপ্রিল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads