গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে প্রাণঘাতি এ রোগে মৃত্যু দেড় হাজার ছাড়িয়েছে।
এ সময় দেশে নতুন করে আরও ৩৪৮০ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬২টি ল্যাবে মোট পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি।
দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন। শনাক্তের হার ২২. ৩৯ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৫০২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী তিনজন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ২২ এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৫৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।





