দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ দুই হাজার ২৯২ জনে পৌঁছেছে।
আর গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৪৩ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩১ এবং নারী সাতজন। মোট আক্রান্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১.৩১ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৫৯টি নমুনা।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৭৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৬৪ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৩৯.২৬ শতাংশ।





