ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারিশা ইউপি’তে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন ও মুকসুদপুর ইউপি’তে স্বতন্ত্র প্রার্থী সামছুদ্দিন ডায়মন্ড শিকদারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে দুই প্রার্থীকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি বলেন, নারিশা ইউপিতে নৌকার প্রার্থী আলমগীর হোসেন ও মুকসুদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সামছুদ্দিন ডায়মন্ড শিকদার রঙ্গিন বিলবোর্ড স্থাপন করেছেন। এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এ ঘটনায় রাত নয়টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা ও সামছুদ্দিন ডায়মন্ড শিকদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।





