শোবিজ

দ্বিতীয়বারের মতো কণা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৯

দিলশাদ নাহার কণা, বাংলাদেশের সংগীতাঙ্গনের এই সময়ের জনপ্রিয় একজন সংগীতশিল্পী। নিজের ভিন্ন ধরনের গায়কি, চমৎকার গীতিকবিতার সুন্দর সুন্দর গান উপহার দিয়ে বহু বছর ধরে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। আর এই মুহূর্তে স্টেজ মৌসুমে স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। আজ থেকে চার বছর আগে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার বিতরণীর পর নিজে বসে থেকে সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন। সেই সময় দিলশাদ নাহার কণা প্রধানমন্ত্রীর সামনে শাকিব খান ও মাহি অভিনীত ‘ভালোবাসা আজকাল’ সিনেমার ‘স্বপ্ন দেখি’ গানটি পরিবেশন করেন।

গানটির কথা লিখেছিলেন কবির বকুল এবং সুর সংগীত করেছিলেন ইমন সাহা। কণার কণ্ঠে গানটি শোনার পর প্রধানমন্ত্রী সেই সময় কণার গায়কির প্রশংসা করেন। আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আবারো সংগীত পরিবেশন করতে যাচ্ছেন কণা। এবার তিনি রায়হান রাফি পরিচালিত ‘পোড়া মন টু’ সিনেমার ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’ গানটি পরিবেশন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কণা নিজেই। গত শুক্রবার রাজধানীর সোনারগাঁওতে একটি স্টেজ শোতে অংশগ্রহণ করতে এসে তিনি বিষয়টির নিশ্চয়তা করেন।

কণা বলেন, ‘বিষয়টি আমার জন্য সত্যিই অনেক সম্মানের। কারণ এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমার নিজের গাওয়া গান গেয়েছিলাম। আবারো আমি তার সামনেই নিজের গানই গাওয়ার সুযোগ পেয়েছি। বিষয়টি আমার জন্য সত্যিই অনেক আনন্দের, ভালো লাগার। এর আগে যখন তার সামনে গান গেয়েছিলাম, তখন তিনি আমাদের সবার সঙ্গে নিজে এসে কথা বলেছিলেন। তার সেই সাধারণ কথাবার্তার মধ্যেও আমি অসাধারণত্ব খুঁজে পেয়েছিলাম, আমি মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনছিলাম। আশা করছি আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে ঘিরে এমন স্মরণীয় মুহূর্তের মুখোমুখি হব।’

এদিকে কণা চলতি বছরের শেষ পর্যন্ত স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন। গতকাল তিনি জর্জকোটে স্টেজ শোতে অংশ নেন। এছাড়া আগামী ১ ডিসেম্বর মংলা বন্দরে, ৭ ডিসেম্বর ঢাকা ইন্টারকন্টিনেন্টাল, ৮ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, ১০ ডিসেম্বর বকশিবাজার, ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ, ২৮ ডিসেম্বর পাবনা ও ২৯ ডিসেম্বর সিলেটে স্টেজ শোতে অংশ নেবেন। শিগগিরই সিয়াম পরীমণি অভিনীথ ‘বিশ্ব সুন্দরী’ সিনেমায় কণার গাওয়া ‘তুই কি আমার হবিরে’ গানটি প্রকাশ পাবে। গানটি লিখেছেন কবির বকুল ও সুর সংগীত করেছেন ইমরান। এছাড়া আগামী জানুয়ারিতে আবদুল আজিজের লেখা ‘জিন’ সিনেমার একটি গান প্রকাশ পাবে। গানটির সুর সংগীত করেছেন ইমন সাহা এবং এতে তার সঙ্গে গেয়েছেন ইমরান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads