জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহণ ধর্মঘট হচ্ছে না। কেউ কেউ লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রেখেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান।
শনিবার রাতে চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন ধর্মঘট ডাকেনি, এটি আনুষ্ঠানিক কোন ধর্মঘট নয়। কারা এই পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। কাজেই এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রেখেছেন। তবে এটি আনুষ্ঠানিক কোনও ধর্মঘট নয়।
তিনি আরও বলেন, সারাদেশে গাড়ি চালানো বন্ধ রাখার পরিস্থিতি নিরসনে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। দ্রুত সমস্যা সমাধানে আমরা সবাই চেষ্টা করতে পারি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে চাই সরকারকে। ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয় করতে আলোচনার দরকার। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন।





