নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকায় ট্রাকচাপায় দেওয়ান আকবর আলী (৫৫) নামে ইটভাটার একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আকবর আলী ওই এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- ওয়াহেদ (৫২) ও শাহিন (২৫)। হতাহতরা সবাই বিজয়পুর এলাকায় আব্দুস সামাদের ইটভাটার শ্রমিক।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর জানান, সকালে বিজয়পুর এলাকায় ভ্যানে করে কাঁচা ইট নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আকবরসহ ওই দুইজন।
এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আকবরের মৃত্যু হয় এবং আহত হন সঙ্গে থাকা ওই দু’জন।
ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এদিকে, তরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।





