‘যত্রতত্র করলে হিসু, সবাই তোমায় বলবে শিশু’ ব্যানার ও ফেস্টুন সম্বলিত এ স্লোগানে নেত্রকোনায় সচেতনতা কার্যক্রম করেছে বিডিক্লিন সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের শহরের তেরি বাজার ও উকিলপাড়া পুরাতন জলযোগ এলাকায় মগড়া নদীর দু’টি ঘাটে তারা এ কর্মসূচি পালন করে।
বিডিক্লিনের নেত্রকোনা জেলার সমন্বয়ক মো. তোফায়েল খান জানান, শহরের প্রাণ এই মগড়া নদীর ঘাট দুটো দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মানষের ফেলা ময়লা ও মূত্র ত্যাগের কারণে। তাই ঘাট দুটো ব্যবহারের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে জনসাধারনের মাঝে সচেতনতা তৈরিতে ওই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ‘যত্রতত্র করলে হিসু, সবাই তোমায় বলবে শিশু’ এমন শ্লোগান ছাড়াও ঘাটের অপব্যাবহারকারীদের লজ্জা দিতে, ঘাটে দাঁড়িয়ে ‘হিসু পিসু যত বার, মেডেল পাবেন তত বার’ ব্যানার ও ফেস্টুনে এমনটিও লিখে রাখা হয়েছিল বলে জানান ওই সমন্বয়ক।
তিনি আরো জানান, তেরী বাজার এলাকায় নামকাওয়াস্তে একটি পাবলিক টয়লেট থাকলেও সেটির সামনে দোকান বসানো রয়েছে। তাই পাবলিক টয়লেট বিষয়ে পথচারীদের লিখিত মন্তব্য নিচ্ছেন তারা।





