সারা দেশ

নরসিংদীতে জেলিযুক্ত বিষাক্ত ১২০ কেজি গলদা চিংড়ি জব্দ

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মার্চ, ২০২২

নরসিংদীতে জেলিযুক্ত বিষাক্ত গলদা চিংড়ি মাছ জব্দ করেছে জেলা মৎস অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে শহরের এমপি মার্কেটে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আাসাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১২০ কেজি জেলিযুক্ত বিষাক্ত গলদা চিংড়ি মাছ জব্দ করা হয়।

নরসিংদী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আাসাদ জানায়, শহরের এমপি মাকের্টের মৎস আড়তে মানবদেহের ক্ষতিকর জেলিযুক্ত বিষাক্ত গলদা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় অভিযানের খবর পেয়ে অসাধু মাছ ব্যবসায়ী মাছ ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমরা বাজারের ৩টি স্পট থেকে লুকানো অবস্থায় ১২০ কেজি জেলিযুক্ত বিষাক্ত গলদা চিংড়ি মাছ জব্দ করি। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা। আর অসাধু মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাছ নরসিংদী সদর উপজেলা পরিষদের পুকুর পাড়ে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়।

তিনি আরো জানান, চিংড়ি মাছ পরীক্ষা করে প্রত্যেকটি চিংড়িতে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিষাক্ত জেলি পাওয়া গেছে। অসাধু ব্যবসায়ীরা ওজন বৃদ্ধি ও বেশি লাভের আশায় চিংড়ি মাছের মধ্যে জেলি পুশ করে এবং তা মাছের পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ মানুষের দেহের কিডনি, লিভার নষ্ট করে এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই জনসাধারণকে আরো সচেতন হয়ে বাজার থেকে চিংড়ি মাছ ক্রয় করতে হবে। আর এই ব্যবসার সাথে কেউ জড়িত থাকে বা প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় অভিযানে নরসিংদী সদরের উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads