মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ভূখা মিছিল করেছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। এসময় ‘ভাত দে, কাপড় দে নয়তো একটু বিষ দে’ ফেস্টুন ও প্লে কার্ড, থালা-বাটি ও ব্যানার হাতে নিয়ে ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে মিছল বের করে শ্রমিকরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিল গেইটে গিয়ে মিছিলটি শেষ হয়।
আজ সোমবার বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়।
এসময় দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবি না মানায় সরকারের তীব্র সমালোচনা করে পাট মন্ত্রীর পদত্যাগ দাবি করেন শ্রমিকরা। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএমসি জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





