মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীতে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। পরে চেম্বার সভাপতি ও পরিচালকদের নিয়ে মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টল জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিদর্শন করেন।
বাণিজ্য মেলাকে ঘিরে পুরো স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হয়। নান্দনিক সাজ ও আলোর ফোয়ারায় সাজিয়ে তোলা হয় মেলা প্রঙ্গন। মেলায় প্রবেশ করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত নান্দনিক গেইট চোখে পড়ে। একটু সামনে এগুলেই ঝলমলে পানির ফোয়ারা। হরেক রকমের রঙে সাজানো হয়েছে বিভিন্ন প্যাভিলিয়ন। হরেক রকমের প্যাভিলিয়নের পাশাপাশি মেলায় দৃষ্টি কেড়েছে বঙ্গবন্ধু কর্নার। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ছাড়াও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে।
নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হোসেন শিশির বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এবার ভিন্ন আঙ্গিকে মেলা প্রঙ্গনকে সাজানো হয়েছে। মেলায় নরসিংদীর শিল্প ও ঐতিহ্য সকলের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
মেলায় চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২১ উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও রাজনীতির ইতিহাস সংবলিত ২১শত বই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। যার মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে জানতে পারবে।
এসময় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, আল মোজাহিদ হোসেন তুষার, মমিন মিয়া, নাজমুল হক ভূঞা, নূরে আলম সিদ্দিকী, হাসিব আহমেদ মোল্লাসহ প্রমুখ।
মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় ১০৫টি স্টল অংশ নেয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বাণিজ্য মেলা চলবে। দর্শণার্থীদের মেলার গেইট থেকে ১০ টাকা মূল্যের টিকেট কেটে মেলায় প্রবেশ করতে হবে।





