মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবচেয়ে সম্মানিত অতিথি করা হবে। নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার বিষয়ে যারা বিরোধিতা করছেন, এটা তাদের ব্যাপার। স্বাধীনতার বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার দুপুরে, সিলেটের খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিবেশী, তারা আমাদের মুক্তিযুদ্ধের সহযোগী যোদ্ধা। সুতরাং আমরা অনেক দিন আগেই থেকেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি।
মুজিববর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিল্লির সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদির আগমনের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি দল।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে। তবে আমাদের স্বাধীনতার বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মাননাই জানাবে সরকার। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ। তাই অতিথিকে সম্মান জানাবে এ দেশের সাধারণ মানুষ।





