নাটোর প্রতিনিধি:
নাটোর সদরের দত্তপাড়া এলাকায় নাটোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী এমপি শফিকুল ইসলাম শিমুলে কর্মি ও সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ভাংচুর করা হয়। ঘটনার পর স্বতন্ত্র প্রার্থী আহাদ সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রজমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে যান।
স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার অভিযোগ করে বলেন, রাত ৮টায় নাটোর সদর উপজেলার দত্তপাড়া বিসিক এলাকায় আমাদের নির্বাচনী প্রচার অফিসটি ভাঙচুর করেছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। তিনি বলেন, হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো। নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জেলা আওয়ামী-লীগের শরিফুল ইসলাম রমজান অভিযোগ করেন, স্থানীয় ফরহাদ তাইজুলসহ ৬/৭ জন এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, প্রায় দিনই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হচ্ছে। নির্বাচনে সব প্রার্থীর জন্য তিনি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ কওে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাটোর সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারীর রিটার্নিং অফিসার শারমিনা সাত্তার জানান, ঘটনার সংবাদ পেয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।





