নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পরকীয়ার জেরে শিউলি বেগম (২৩) নামে দুবাই প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত ৩ দিন ধরে মামা পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি তার সঙ্গে একই ঘরে ছিল। ঘটনার পর থেকে সেই অজ্ঞাত ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে নিহতের পরকীয়া সম্পর্ক ছিল। পরে সে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।
শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিউলির বাড়িতে ৩ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে বাড়িতে ছিল। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, ‘নিহত শিউলি তার এক বছর বয়সী মেয়েসহ বাড়িতে থাকতেন। ৩ দিন ধরে অজ্ঞাত ব্যক্তি মামা পরিচয়ে শিউলির বাড়িতে অবস্থান করছিল। ওই ব্যক্তির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পক্ষ থেকে এরিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।





