সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় বাই সাইকেল আরোহী ইমাম হাফেজ আব্দুল মোমিন (২৮) নিহত হয়েছেন। নিহত আব্দুল মোমিন থানার দিয়ারপাড়া গ্রামের ছোলাইমান মিয়ার ছেলে ও ঢাকা-বগুড়া মহাসড়কের দোপাকান্দি এলাকায় অবস্থিত মমতাজ ফিলিং ষ্টেশনের মসজিদের ইমাম।
গতকাল শনিবার রাত ৮ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে হাটিকুমরুল গোলচত্ব এলাকায় মাছের আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা সাব্বির হোসেন জানান, মমতাজ ফিলিংস্টেশনে ইমামের দায়িত্ব পালন করেন চাচা আব্দুল মোমিন। প্রতিদিনের ন্যায় এশার নামাজ আদায় করে বাই সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হাটিকুমরুল মাছ আড়ৎ এলাকায় পৌছিলে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে দোকান ঘরে উঠে যায়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, রাতে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়াগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌছিলে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ব রাস্তায় ওই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।





