জাতীয়

নিরাপদ সড়ক দাবিতে কাল শাহবাগে প্রতীকী লাশের মিছিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০২১

গণপরিবহনে হাফ পাস ও সড়কে অনিয়ম বন্ধসহ বিভিন্ন দাবির প্রতিবাদে এবার ‘লালকার্ড’ হাতে নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার পর খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড হাতে নিয়ে আন্দোলনে নামেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে মানববন্ধন শেষ হয়।

এ সময় তারা নয় দফা দাবি আদায়ে কাল দুপুর ১২টায় শাহবাগ থেকে লাশের প্রতীকী মিছিল করার ঘোষণা দেন। সব শ্রেণি-পেশার মানুষকে মিছিলে অংশ নেওয়ার আহবান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।পাশাপাশি সব জেলায় মানববন্ধন ও ১০ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দেন তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা করেন।

মানববন্ধন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মেহেদী বলেন, ‘আমরা সারা দেশে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহণে হাফ পাস চাই। আস্তে আস্তে সারা দেশে কর্মসূচি ঘোষণা করা হবে।’

আবদুল্লাহ মেহেদী বলেন, ‘আজকেও আমাদের এক ভাই সড়কে মারা গেছে। নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এর আগে গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে রামপুরা ব্রিজে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে মারধরের ঘটনা ঘটে। আন্দোলনের সময় রামপুরা আইডিয়াল স্কুল ও কলেজের এক শিক্ষার্থীকে পুলিশের মারধরের অভিযোগ আনা হয়। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চালকদের লাইসেন্স না থাকায় গাড়ি থামিয়ে দিলে এমন ঘটনা ঘটে বলে জানায় শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads