নীলফামারী প্রতিনিধি :
নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে প্রশাসনিক পদগুলোতে উচ্চ শিক্ষিত ক্যাডার ভিত্তিক নার্স নিয়োগের একদফা দাবিতে সারাদেশে ন্যায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে নীলফামারী নাসিং মিডওয়াইফারী সংস্কার পরিষদ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত নীলফামালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
নার্সদের অভিযোগ, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু ওই পদগুলোতে আমলারা দখল করে রেখেছেন। তাদের দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে প্রশাসনিক ক্যাডারদের অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে।
নীলফামারী নাসিং কলেজের ইন্সেষ্ট্রাকটর ইনচার্জ ও জেলা পাবলিক হেল্থ নার্স মোছা, ফাহিমা পারভীন জানান, জেলার ছয় উপজেলার সর্বস্তরের নার্সদের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সব হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মসূচি পালন করছি। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের অপসারণ করে সেই পদগুলোতে উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে।
নীলফামারী জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, সিনিয়র ষ্ট্যাফ নার্স মোছা. বিলকিস বানু ও আন্দোলনকারী নার্সরা জানান, ‘ওইসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও গত ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করেন, যা নার্সদের ক্ষোভকে আরও উস্কিয়ে দেওয়া হয়েছে।’
নাসিং ইন্সেস্ট্রাকটর (সংযুক্তি) বাদশা আলমগীর ও আন্দোলনকারী সুমাইয়া খানম বলেন, এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ক্ষতির মুখে পড়তে পারে। নার্স ছাড়া চিকিৎসাসেবা চলতে পারে না। যা নীলফামারীর ছয় উপজেলার হাসপাতাল গুলোতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তারা বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাসিং মিডওয়াইফারী অধিদপ্তর এবং বাংলাদেশ নাসিং মিডওয়াইফারী কাউন্সিলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে।
উল্লেখ্য, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্স পেশা নিয়ে কটূক্তি করায় গত ৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে নার্সদের বিক্ষোভ সমাবেস শুরু হয়।





