নীলফাফামারী প্রতিনিধি:
দেশ ব্যাপী ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নীলফামারী জেলা শহরে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দিনব্যাপী পৌর মাকেটস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুুদুল আলম দুলাল, শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম প্রমুখ।
সেখানে বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করেছে। এই হত্যার বিচার করতেই হবে। ইতোমধ্যে খুন, গুমের মামলা হয়েছে তার বিরুদ্ধে। এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না বলে হুমকি দেন তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছাড়িয়ে পালিয়ে গেছেন স্বৈরশাসক শেখ হাসিনা ও তাদের দোসর। বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু করেছেন। তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার পরিকল্পনা করছেন, তা সফল হতে দেয়া হবে না। সকল হত্যার বিচার হবে এবং ফাঁসি হবে আমরা সেটা দেখতে চাই।
জেলা বিএনপির সভাপতি বলেন, ১৬ বছর দেশে স্বৈরশাসন চালানো হয়েছে। দেশকে জিম্মি করে রাখা হয়েছে। হত্যা, লুটপাট, খুন, গুম, দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দেয়া হয়েছে। এসবের বিচার হতে হবে।
এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে যোগ দেন।





