কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে প্রায় ৪০ হাজার শিশুকে। রবিবার (১০ ডিসেম্বর) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিমুল হক মিল্লাত, প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক সাংবাদিক আবু হাসান শেখ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, ইমাম, শিক্ষক, সুধিজন এতে অংশগ্রহণ করে।
আগামী ১২ ডিসেম্বর কিশোরগঞ্জ উপজেলায় ২১৭ টি কেন্দ্রে সকাল হতে বিকাল পর্যন্ত ৬ মাস হতে ১১ মাস বয়সী ৪ হাজার শিশুকে নীল ক্যাপসুল ও ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ৩৬ হাজার শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয় ।





