নেত্রকোনার বারহাট্টায় সিঁধ কেটে ছয় বছরের শিশুকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। এ ঘটনায় শিশুটির বাবা শনিবার রাতে বারহাট্টা থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন। পুলিশ পলাশ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে শুক্রবার রাতে পরিবারের অন্য সদস্যদের সাথে ৬ বছরের ওই শিশুটি ঘুমিয়েছিল। শিশুটি স্থানীয় একটি মহিলা মাদরাসায় পড়ে। ওইদিন গভীর রাতে ঘরের পিছনে মাটি খুড়ে ঘরে প্রবেশ করে শিশুটিকে ঘরের বাইরে নিয়ে যায়। পরে বাড়ির পাশে নদীর তীরে ধান ক্ষেতে শিশুটিকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
ভোরে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে শিশুটিকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজতে থাকে। খোঁজাখুঁজি করে বাড়ির অদূরে ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগে অজ্ঞাত আসামির বিরুদ্ধে শনিবার রাতে বারহাট্টা থানায় মামলা করেন।
বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





