চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গেও দায়ে শোকজ দিয়েছেন কুমিল্লা-১১ আসনে নির্বাচনী তদন্ত কমিটি। গত ২৭ ডিসেম্বর বুধবার কুমিল্লা-১১ আসনের নির্বাচনী তদন্ত কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় এই শোকজ দেন সংশ্লিষ্ট নির্বাচনি তদন্ত কমিটি।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, রিটার্নিং অফিসার কুমিল্লার মাধ্যমে কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান লিখিত অভিযোগ দায়েরপূর্বক দাবি করেন, এ কে এম জি কিবরিয়া মজুমদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও বিগত ২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগ এবং বিগত ২৫ ডিসেম্বর জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগ কর্তৃক আয়োজিত পায়েরখোলা এলাকার নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন। এছাড়াও অধীনস্থ কর্মচারী মোঃ আবুল কাশেমের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লংঘনপূর্বক চৌদ্দগ্রাম উপজেলার নৌকা প্রার্থী মোঃ মুজিবুল হকের নির্বাচনী প্রচার-প্রচারণা ও নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেছেন।
এ সংক্রান্ত নিউজ একটি টিভি চ্যানেলে বিগত ২৬ ডিসেম্বর নির্বাচনের সব খবর সংবাদে প্রচারিত হয়, যার ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র অনুসন্ধান কমিটির নিকট সংরক্ষিত রয়েছে। যাতে এ কে এম জি কিবরিয়া মজুমদারের সরব উপস্থিতি পরিলক্ষিত করা যাচ্ছে। ওই কার্যাবলীর মাধ্যমে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ১৪(১)(২) এর বিধি লংঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।
এই অবস্থায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না সে বিষয়র আগামী ১ জানুয়ারি সকাল ১১ টায় নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে স্ব-শরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে ৮ প্রার্থীর মধ্যে মুজিবুল হকের নৌকা প্রতীক ও মিজানুর রহমানের ফুলকপি প্রতীকে হবে হাড্ডাহাড্ডি লড়াই, এমন অভিমত সাধারণ ভোটারের। তবে নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা প্রভাব বিস্তারসহ ফুলকপি প্রতীকের ব্যানার-পোস্টার ছিড়ে ফেলা ও কর্মীদের মারধরের হুমকি দেয়ার অভিযোগ করেছেন মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এছাড়াও হুমকি-ধমকির বিষয়টি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে নিয়মিত অবহিত করছেন।
শোকজের বিষয়ে যুগ্ম সচিব একেএম জি কিবরিয়া মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমার বাড়ি ওই এলাকায়। নৌকার প্রার্থীর সঙ্গে দেখা করতে গেলে আমাকে নির্বাচনী সমাবেশের মঞ্চে বসানো হয়’।





