টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা খেয়েছে এক যুবক। বুধবার দুপুরে তাকে আটকের পর ১০ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আটককৃত যুবক টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা অনিকুজ্জামান নাইম। বুধবার দুপুরে বানাইল ইউনিয়নের ভাবখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে তিনি আটক হন।
স্থানীয়রা জানান, দুপুরে ভাবখন্ড কেন্দ্রের একটি কক্ষে ওই যুবক ভোট দিতে যায়। এসময় পোলিং এজেন্টদের সন্দেহ হলে তারা প্রিসাইডিং অফিসারকে জানান এবং তার দেয়া তথ্য সঠিক না হওয়ায় তাকে আটক করে পুলিশ। পরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে জানানো হলে সে এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলেন, তার বন্ধু শান্ত তাকে বানাইল ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান হুমায়নের পক্ষে ভোট দিতে বলে, তাই সে টোকেন নিয়ে ভোটকক্ষে ভোট দিতে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন।





