এস এম হালিম মন্টু,নড়াইল:
নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।
রবিবার দুপুরে নড়াইল পৌরসভার কার্যালয়ের উম্মুক্তসভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। বাজেট আলোচনায় অংশগ্রহন করেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পিপি এ্যাড, ইমদাদুল হক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সরদার,হিসাব রক্ষক মোঃ সাইফুজ্জামান প্রমুখ। এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ন্তভূক্ত হতে যাচ্ছে। বিশ^ব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। তিনি প্রকল্পটি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।





