নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ১৫দিন ব্যাপী সুলতান মেলা উপলক্ষে বিভিন্ন আয়োজনের অংশ বিশেষ শুক্রবার বেলা ১১ টায় শিল্পী সুলতানের বাগান বাড়ি প্রাঙ্গণে দেশের বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আর্ট ক্যাম্প । নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩৫ জন স্বনামধন্য চিত্রশিল্পী দিনব্যাপি এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন। আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় এস,এম সুলতান ফাউন্ডেশন এর সদস্য সচিব ক্রীড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু, এস,এম, সুলতান বেঙ্গল চারুকলা মাহবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রফেসর অশোক কুমারশীল, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু উপস্থিত ছিলেন।
একই দিন বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে লোকজ সংস্কৃতির অন্যতম এই ঘোড়া দৌড়প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় নড়াইল, যশোর, খুলনা. মাগুরা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোর এর ঝিকরগাছার বজলুর রহমানের ঘোড়া ব্লাকডন, ২য় নড়াইল সদরের রতডাঙ্গার আহসানের ঘোড়া এবং যশোর অভয়নগরের হিদিয়ার সবুজ মোল্যার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে এস,এম সুলতান ফাউন্ডেশন এর সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস উপস্থিত ছিলেন
মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠিখেলা, কাবাডি, কুস্তি, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, আর্চারি, ষাড়ের লড়াই,শিল্পীর কর্মময় জীবনের ওপর সেমিনার এবং স্থানীয়, খুলনা, কুষ্টিয়া ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, নাটক, যাত্রাপালা, কবিগান এবং জারিগান।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও এস,এম সুলতান ফাউন্ডেশন নড়াইলের আয়োজনে ত ১৫ এপ্রিল থেকে এ মেলা শুরু হয়েছে। মেলার পর্দা নামবে ২৯ এপ্রিল। মেলার সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে একজন গুণি চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক প্রদান করা হবে।





