বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ণ, ডিজিটাল নিরাপত্তা আইন শিথিল ও পেশাদার সাংবাদিকের তালিকা প্রণয়নের পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশ করেন জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ ও সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গণমাধ্যম আজ স্বাধীন নয়।কথায় কথায় সাংবাদিকের চাকরি চলে যায়, সাদাকে সাদা ও কালোকে কালো বলতে গেলে তাদেরকে ভয় ভীতি দেখানো, নির্যাতন করা,এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাদেরকে হয়রানী করা হয়। সাংবাদিকরা যদি না লেখেন তাহলে সমাজের কালিমা দূর হওয়া সম্ভব নয় তাই সাংবাদিকদের সেই স্বাধীনতা দেয়ার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে শিথিলতা আনার দাবী জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, দেশে অনেক মিডিয়া হাউজ যাচাই বাছাই না করে টাকার বিনিময়ে সাংবাদিক নিয়োগ দেন আর সেইসব কথিত সাংবাদিকরা চাঁদাবাজীসহ নানা অপকর্মে লিপ্ত হন। এতে প্রকৃত সাংবাদিকদের কর্মক্ষেত্রে বিরূপ প্রতিকৃলতা সৃষ্টি হয়।





