পত্রিকার মূল্য বৃদ্ধি

ফাইল ছবি

জাতীয়

পত্রিকার মূল্য বৃদ্ধি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে নিউজপ্রিন্টের মূল্যবৃদ্ধি, পরিবহন খরচসহ আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের খবর পত্রিকার দাম ২ টাকা বাড়ল। আজ সোমবার থেকে বাংলাদেশের খবরের  দাম ৭ টাকা।

করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শুরুর মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বড় ধরনের বাধা হিসেবে আবির্ভূত হয়। এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। করোনা ও যুদ্ধ, এই দুয়ের  প্রভাবে বিশ্বের নিউজপ্রিন্টের উৎপাদনে ধস নামে। এক হিসাবে দেখা গেছে, ২০১৭ সালে বিশ্বে যে পরিমাণ নিউজপ্রিন্ট উৎপাদন হতো করোনা ও যুদ্ধের কারণে এবছর অনেক পত্রিকার মূল্য বৃদ্ধি কমে গেছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। গত এক বছরেই নিউজপ্রিন্টের দাম বেড়েছে শতভাগেরও বেশি। নিউজপ্রিন্টের পাশাপাশি ২০ থেকে ৩০ শতাংশ হারে বেড়েছে সংবাদপত্র শিল্পের অন্যান্য উপকরণ যেমন- কালি, প্লেট ইত্যাদি। এর ফলে সংবাদপত্রের উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব বাজেট ঘোষণার আগে সংবাদপত্রের বিদ্যমান সংকট মোকাবিলায় বিভিন্ন ধরনের আরোপিত কর প্রত্যাহার বা কমানোর দাবি জানায়। সংবাদপত্রের ওপর আরোপিত কর এখন ৩০ শতাংশ। অথচ সংবাদপত্রের মতো রুগ্ন শিল্পের ওপর কর ১০ শতাংশের বেশি হওয়ার কথা নয়। সংবাদপত্রের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট। কিন্তু কাস্টমস প্রসিডিউর কোড তালিকায় অন্তর্ভুক্ত থাকায় নিউজপ্রিন্টের আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হচ্ছে। অন্যদিকে নিউজপ্রিন্টের ওপর বর্তমানে ৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। এ ছাড়া এআইপি ও এটি দিতে হয় ১০ শতাংশ। আবার সংবাদপত্রের বিজ্ঞাপন আয়ের ওপর উৎসে কর রয়েছে ৪ শতাংশ। সব মিলিয়ে সংবাদপত্র শিল্প এক নজিরবিহীন সংকটকাল অতিক্রম করছে।

নোয়াবের সিদ্ধান্তে আজ সোমবার থেকে বাংলাদেশের খবর পত্রিকার দাম ৫ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ৭ টাকা করা হলো। প্রিয় পাঠক, আপনাদের আন্তরিক সহযোগিতা এক্ষেত্রে একান্ত কাম্য। এ শিল্প টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads