পত্রিকার হকার অসুস্থ আবুলের মানবেতর জীবন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পত্রিকার হকার অসুস্থ আবুলের মানবেতর জীবন

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, ২০২২

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে।’ কালজয়ী গানটির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পত্রিকার হকার মো: আবুল মিয়ার জীবনের গল্প অনেকটাই মিলে যায়।

খুঁড়িয়ে খুঁড়িয়ে পায়ে হেঁটে আবার কখনও সাইকেল চড়ে প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, বাসা বাড়িতে পৌঁছে দিচ্ছেন খবরের কাগজ। আর সেই খবরের কাগজের পাতায় পাতায় কতই না সংবাদ ছাপা হচ্ছে। মানুষ ওইসব খবর পড়ছেন। তবে খবরের কাগজে থাকে না শুধু হকার আবুলের দুর্দিনের গল্প। আবুল পৌর শহরের রাধানগর এলাকার মৃত মোগ্গল মিয়ার ছেলে। পরিবারে স্ত্রী ও ১ মেয়ে রয়েছে। আবুল পৌর এলাকায় দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে তিনি পত্রিকা বিক্রি করে আসছেন। দৈনিক পত্রিকা বিক্রির আয় দিয়ে চলছে তার এই সংসার। সহায় সম্পত্তি বলতে কছুই নেই। তিনি গত প্রায় তিন মাস ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। অভাব অনটনের সংসার হওয়ায় এখন তিনি অনেকটাই মানবেতর জীবন যাপন করছেন।

হকার আবুল মিয়া বলেন, বয়স যখন ২৫ বছর- তখন থেকেই তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, সাপ্তাহিক পত্রিকা আখাউড়ায় বিক্রি করছেন। ওইসব পত্রিকা বিক্রি করে মাসে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা উপার্জন করা হতো। কিন্তু করোনার ভাইরাসের কারণে পত্রিকা বিক্রি অর্ধেকে চলে আসায় তার আয়ও কমে যায়। এরইমধ্যে দেখতে দেখতে কেটে যায় তার ৪৫ টি বছর। গত ৩ মাস ধরে তার শারীরিক সমস্যা দেখা দেয়। এরই মধ্যে গত ২ মাস আগে স্ট্রোক করেন। বর্তমানে তিনি খুবই অসুস্থ। চিকিৎসক তাকে পরিশ্রম না করতে এবং বিশ্রামে থাকার পরামর্শ দেন। অসুস্থ হওয়ার কারণে পত্রিকা বিক্রিও তার সাময়ীক বন্ধ রয়েছে। অভাব অনটনে থাকায় নিয়মিত তিনি ওষুধ কিনে খেতে পারছেন না। অসুখের কারণে ভালোভাবে হাঁটতেও পারছে না। বাড়ি বাড়ি খবর পৌঁছে দেওয়া এই লোকটির পাশে মানবিক ভাবেও এখন পযর্ন্ত কেউ এসে দাঁড়ায়নি বলে জানায়।

তিনি এই প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে বলেন, সমাজের ঘটে যাওয়াসহ নানা সংবাদ প্রতিনিয়ত লিখছেন, এই অসহায় লোকটির দুঃখের কথা লিখতে পারেন না। অসুস্থ থাকায় আমি আগের মতো পত্রিকা বিক্রি করতে পারছি না। সকাল হলে আমার কাছে খুবই খারাপ লাগে পত্রিকা বিক্রি করতে না পারায়।

প্রতিবেশী আশীষ সাহা বলেন, আবুল মিয়া একজন সহজ-সরল মানুষ। সবসময় একা চলাচল করতেন। মিলেমিশে প্রতিবেশীদের সঙ্গে বসবাস করে আসছেন। এভাবে অসুস্থ হয়ে পড়বেন তা কখনো কল্পনাও করিনি।

সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু বলেন হকার আবুল একজন সৎ ও ভালো মানুষ। তিনি দীর্ঘ বছর ধরে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন । তার অসুস্থতার খবর শুনেছি। সকল সাংবাদিকদের সাথে কথা বলে তাকে সাহায্য করতে চেষ্টা করা হচ্ছে।

আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি দুলাল ঘোষ বলেন, এই লোকটি ছোট বেলা থেকে দেখে আসছি আখাউড়ায় পত্রিকা বিলি করে আসছে। সে একজন ভালো মানুষও। তিনি বলেন পত্রিকা যদি জায়গা জায়গা না পৌঁছে তাহলে কিন্তু আমাদের লেখা লেখি মানুষের কাছে পৌঁছবে না। ওনি অসুস্থ এটা আমাদের কাছে খুবই কষ্টের। আমাদের পক্ষ থেকে যা করার দরকার অবশ্যই তা করা হবে।

আখাউড়া পত্রিকার এজেন্ট মো: আব্দুল মমিন বাবুল বলেন, আবুল মিয়া দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে পত্রিকা বিক্রি করে আসছে। আখাউড়ায় খুবই পরিচিত ও ভালো একজন পত্রিকা বিক্রেতা । শুনেছি তিনি খুবই অসুস্থ। আমি আশা করব এই দুর্দিনে সকলেই তার পাশে এসে দাঁড়াবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads