নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত লালপুরের বিচারক মো: আবু সাঈদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি এ আদেশ দেন। আদেশে আগামী ৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ওই উপজেলায় আরও অন্য কোন নদী থেকে বালু উত্তোলন করা হলে তা আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য ‘লালপুরে কোন ভাবেই বন্ধ হচ্ছেনা পদ্মানদী থেকে অবৈধ্য বালু উত্তোলন, প্রশাসন নিরব’ ও ‘অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে লালপুর পদ্মার বাঁধ’ শিরোনামে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় খবর প্রকাশিত হলে স্বপ্রণোদিত হয়ে আদালত বিষয়টি আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
প্রতিবেদন গুলোতে বলা হয়েছে, নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলন কোন ভাবেই বন্ধ হচ্ছে না। রাতের আধারে দিনের পর দিন বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। কখনও কখনও সরকারি প্রকল্পে বালু ভরাটের নাম করে অবৈধভাবে পদ্মা নদী থেকে লাখ লাখ টাকার বালু লুট করে নিচ্ছে প্রভাবশালীরা। এছাড়া রিজভী কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নবীনগর গ্রামে নদীর তীর রক্ষাবাধের নিচে ফসলি জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। প্রতিবেদনে এসব কাজের মূল হোতাদের নামও উল্লেখ রয়েছে।
আদালত পিবিআইকে বিষয়টি তদন্ত করে কারা বালু উত্তোলনের সাথে জড়িত তা খুঁজে বের করার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে আসামীদের সনাক্তকরণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সুচিপত্র প্রস্তুতের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাছে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া গেলে তা জব্দ করার নির্দেশ দেন। আদেশে নাটোরের লালপুরের ওপর দিয়ে বহমান অন্য যেকোন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করা হলে তা বন্ধের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান, আদালতের আদেশের কপি হাতে পেলে তদন্ত কাজ শুরু করা হবে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আদালতের আদেশ অনুযায়ী বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





